যোগ্যশ্রী প্রকল্প কি ও যোগ্যশ্রী প্রকল্প আবেদন পদ্ধতি | Yogyashree Scheme West Bengal 2026
![]() |
| যোগ্যশ্রী প্রকল্প কি ও যোগ্যশ্রী প্রকল্প আবেদন পদ্ধতি | Yogyashree Scheme West Bengal 2026 |
অনেক সময় দেখা যায় অদম্য মেধা ও ইচ্ছা থাকা সত্ত্বেও কেবল আর্থিক অনটনের কারণে বহু ছাত্রছাত্রীর ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এই বাস্তব সমস্যার সমাধানে এবং রাজ্যের পিছিয়ে পড়া অথচ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে এক অভিনব উদ্যোগ— যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme)।
যোগ্যশ্রী প্রকল্প কী?
যোগ্যশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি শিক্ষা-সহায়তা কর্মসূচি। এই প্রকল্প মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণে এক গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ। এর আওতায় রাজ্যের জেনারেল, ওবিসি, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মেধাবী ছাত্র-ছাত্রী এবং তপশিলী জাতিভুক্ত ও আদিবাসী শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে NEET, JEE এবং WBJEE পরীক্ষার প্রস্তুতির কোচিং পাবেন এবং সঙ্গে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
কী কী সুবিধা মিলবে?
- বিনামূল্যে কোচিং: NEET, JEE এবং WBJEE পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়া হবে।
- ক্লাসের সময়সূচি: প্রত্যেক সপ্তাহের শনি এবং রবিবার ৪ ঘণ্টা করে স্পেশাল ক্লাস করানো হবে।
- আর্থিক সহায়তা: প্রতিটি ক্লাসে উপস্থিত থাকলে মাসিক ৩০০ টাকা করে দেওয়া হবে। ১০ মাসে স্টাইপেন্ড বাবদ মোট ৩০০০ টাকা মিলবে।
কারা আবেদন করতে পারবেন? (যোগ্যতা)
এই প্রকল্পের সুবিধা পেতে হলে নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে:
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বর্তমানে একাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগে (Class 11 Science) পাঠরত হতে হবে।
- যে সমস্ত পড়ুয়ারা ২০২৭ সালে NEET, JEE এবং WBJEE পরীক্ষায় বসতে চলেছেন, মূলত তাদেরকেই প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার।
- পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
- মাধ্যমিকের নম্বর: সাধারণ (GEN) ও সংখ্যালঘুদের ক্ষেত্রে ন্যূনতম ৭০%, OBC-দের ৬৫%, SC-দের ৬০% এবং ST-দের ৫০% নম্বর থাকতে হবে।
আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
- আধার কার্ড
- মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
- পরবর্তী ক্লাসে (একাদশ শ্রেণি) ভর্তি হওয়ার রসিদ
- বাসস্থানের প্রমাণপত্র
- পরিবারের আয়ের শংসাপত্র (Income Certificate)
- ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার ছবি
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
কীভাবে আবেদন করবেন?
যোগ্যশ্রী প্রকল্পে অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই আবেদন করা যায়।
- অনলাইন মাধ্যম: অনলাইনে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট (https://wbbcdev.webstep.in) ভিজিট করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
- অফলাইন মাধ্যম: অফলাইনে আবেদন করতে চাইলে জেলাভিত্তিক নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে সরাসরি আবেদনপত্র সংগ্রহ করুন। এরপর সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সেখানেই জমা দিন।
কোন কোন জেলায় এই সুবিধা পাওয়া যাবে?
এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলার পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আপাতত পূর্ব মেদিনীপুর জেলায় চালু হয়েছে এই প্রকল্পটি। সেখানে ৭টি জায়গায় এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য জেলাতেও এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.